মধ্য আফ্রিকার দেশ কঙ্গো থেকে শান্তিরক্ষা মিশনের সব সদস্যকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। মোট তিন ধাপে সেনা প্রত্যাহার করা হবে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে দেশটি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে সংস্থাটি। খবর এপি।
কঙ্গোর রাজধানী কিনশাসায় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান বিন্টো কেইতা জানান, আড়াই দশক ধরে দায়িত্ব পালন করা মনুস্কো অবশ্যই ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ত্যাগ করবে।
কঙ্গোয় মনুস্কোর প্রায় ১৫ হাজার সেনা রয়েছে। আগামী এপ্রিলের শেষ নাগাদ প্রথম পর্যায়ের দুই হাজার সেনা কঙ্গোর কিভু প্রদেশ থেকে সরে যাবে। এরপর নর্থ কিভু ও ইতুরি প্রদেশ থেকে বাকিদের প্রত্যাহার করা হবে।
গত ২০ বছরের বেশি সময় ধরে ডিআর কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেনাদল।
সম্প্রতি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কঙ্গোয়। বিতর্কিত এ ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন কঙ্গোলিজ সরকার। এরপর জাতিসংঘের মিশনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।










