আগামী ১৭ জুলাই শেষ হচ্ছে কৃষ্ণ সাগর শস্য
চুক্তির মেয়াদ। এই চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট
রিসেপ তাইয়েপ এরদোগান। আজ শনিবার (৮ জুলাই) তিনি এ বিষয়ে মন্তব্য করেন। খবর ভয়েস অব
আমেরিকা।
গতকাল এরদোগানের সঙ্গে বৈঠক করতে ইস্তান্বুল
পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ টেলিভিশনে প্রচারিত যৌথ সংবাদ
সম্মেলনে শস্য চুক্তি নিয়ে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।
এই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
আসন্ন সফরের কথাও জানান তিনি।
এরদোগান আশা করছেন, কৃষ্ণ সাগর শস্য চুক্তির
মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে আরো দুই বছর বলবৎ থাকলে সবচেয়ে ভালো পদক্ষেপ
হবে।
তিনি বলেন, ‘আমি আশা করি যে
শস্য করিডোর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। আমরা আশা করছি এ চুক্তির মেয়াদ কমপক্ষে
তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে আমরা এটি দুই বছর বাড়ানোর পক্ষে।’
আগামী মাসে তুরস্ক সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন। ওই সময় তারা বন্দী বিনিময় নিয়ে আলোচনা করবেন বলেও জানান এরদোগান।
আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো
শীর্ষ সম্মেলনের আগে এক সিরিজ সফরে বের হয়েছেন জেলেনস্কি। বুলগেরিয়া ও চেক রিপাবলিকের
পর গতকাল তিনি তুরস্কে অবতরণ করেন।










