বিচার বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে চলমান বিক্ষোভ আরো জোরদার হয়েছে। টানা আন্দোলনের ২৭তম সপ্তাহে লাখ লাখ জনতা বের হয়ে আসে সড়কে। খবর সিএনএন।

সংগঠকরা জানান, গতকাল শনিবার (৮ জুলাই) ইসরায়েলের শহরগুলোতে আনুমানিক তিন লাখ ৬৫ হাজারে বেশি মানুষ বিক্ষোভে যোগ দেন। শুধু তেল আবিবের সড়কেই নামেন এক লাখ ৮০ হাজার জনতা।

আগামীকাল সোমবার আইনসভা নেসেটে সংস্কার প্রস্তাবটি উঠার কথা রয়েছে। এ খবরে গতকাল রাতে ইসরায়েল জুড়ে বিক্ষোভের ঢল নামে।

মধ্যপন্থী, বামপন্থী ও এমনকি ডানপন্থীদের একটি অংশ ছয় মাস ধরে প্রস্তাবিত সংস্কারের বিরোধিতা করে আসছে।

মার্চের শেষের দিকে দেশ-বিদেশে চাপের মুখে কিছুটা নমনীয় হন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তখন সংস্কারের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতা আলোচনার পরিকল্পনা স্থগিত করেন তিনি। এরপর জুনের শেষের দিকে বলেছিলেন, প্রস্তাবের সবচেয়ে বিতর্কিত দিকটি বাদ দেয়া হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের রায় বাতিল করার অনুমতি পায় নেসেট।

বর্তমান ইসরায়েলে সুপ্রিম কোর্ট ছাড়া নেসেটের চেয়ে ক্ষমতাবান কোনো কর্তৃপক্ষ নেই। বিরোধীরা বলছেন, সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করার পদক্ষেপ বিচারিক স্বাধীনতাকে রোধ করার আরেকটি বিপজ্জনক পদক্ষেপ। যা শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতকে রাজনীতিবিদদের ইচ্ছার অধীন করবে ও দুর্নীতির দরজা খুলে দেবে।

গতকাল শনিবার বিক্ষোভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সোশ্যাল মিডিয়া ভিডিও ও স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, প্রধান সড়ক থেকে অবরোধ সরিয়ে দিতে ইসরায়েলি পুলিশ জলকামান ব্যবহার করেছে।