রুশ প্রেসিডেন্টের কার্যালয় কাম বাসভবন ক্রেমলিনে গতকাল মঙ্গলবার (২ মে) রাতে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল ইউক্রেন। এমনই দাবি করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া’র বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিন বলছে, গত রাতে দুটি ড্রোন দিয়ে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’র মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে পুতিন নিরাপদে আছেন বলেও জানিয়েছে সংবাদ সংস্থা রিয়া।

আল জাজিরার খবরে বলা হয়, হামলার সময় পুতিন সেখানে ছিলেন না। তিনি মস্কোর বাইরে নভো অগারিয়ভে তার বাসভবনে কাজ করছিলেন।

রিয়ার খবরে বলা হয় ক্রেমলিন ইউক্রেনকে সতর্ক করে বলেছে, ‘এই হামলা সন্ত্রাসী আক্রমণ হিসেবেই দেখছি রাশিয়া এবং এর জবাব দেয়ার অধিকারও মস্কোর রয়েছে’। একইসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলার পরও নিজের সূচিতে কোনো পরিবর্তন আনেননি পুতিন।

তবে হামলার অভিযোগ করলেও ক্রেমলিন কোনো প্রমাণ তুলে ধরেনি। তবে রাশিয়ার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে । যাতে দেখা যায় ক্রেমলিনের মূল ভবন থেকে ধোঁয়া উড়ছে। যদিও ওই ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।