ভুটানের সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির হিমালয় রাজ্যে এ নির্বাচনে জয়ের মাধ্যমে পরপর দ্বিতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে দলটি। খবর আল-জাজিরা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবারের নির্বাচনে ৪৭ টি জাতীয় পরিষদের আসনের মধ্যে ৩০ টি আসনে জয় পেয়েছে পিডিপি। অন্যদিকে বাকি ১৭ টি আসনে জয় পেয়েছে ভুটান টেন্ড্রাল পার্টি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ভুটানের সংবিধানে অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে ‘দেশজ জাতীয় সুখ’ সূচকটিকে অধিক গুরুত্ব দেয়া হলেও এবারের নির্বাচনী প্রচারণায় দেশটির জাতীয় দেশজ উৎপাদনের (জিডিপি) বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছিল স্থানীয় রাজনৈতিক দলগুলো।  

নির্বাচনী ইশতেহারে পিডিপি সরকারি বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করে দেখান দেশটিতে দিনে প্রতি আট জনে একজন মানুষ অভুক্ত থাকে। এছাড়া দেশটিতে জনগণের মৌলিক চাহিদা পূরণেও ব্যাপক ঘাটতির কথা উল্লেখ করেছিলেন পিডিপি। 

দেশটির এসব অর্থনৈতিক সঙ্কট নিয়েই এবারের সরকার গঠন করতে যাচ্ছে পিডিপি। বলা হচ্ছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে তরুণদের বেকারত্ব দূরীকরণ এবং মেধাবীদের দেশ ছেড়ে চলে যাওয়ার প্রবণতা কমানোর মতো চ্যালেঞ্জকে সামনে রেখেই দেশ পরিচালনা শুরু করতে হবে এবারের নির্বাচিত সরকারকে। 

ভুটানে সংসদীয় পদ্ধতিতে নির্বাচন শুরু হয় ২০০৮ সালে। গতকাল দেশটিতে চতুর্থবারের মতো সংসদীয় পদ্ধতিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।