ইউক্রেনে কাখোভকা বাঁধ ধ্বংসের পর বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, বাঁধ ভেঙে দেয়ার ফলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৩১ জন। অন্যদিকে রোববার রুশ কর্মকর্তারা বলেছেন, মস্কোর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে। খবর রয়টার্স।
৬ জুন নিপ্রো নদীর ওপর অবস্থিত কাখোভকা বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিয়েভ নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ও ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত বিস্তীর্ণ এলাকা পানির নিচে ডুবে যায়। এতে বিপুল পরিমাণ কৃষিজমি ও বেসামরিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
শনিবার রাতে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, প্লাবিত এলাকা থেকে ৩ হাজার ৬০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে প্রায় ১ হাজার ৩০০টি বাড়ি বন্যাকবলিত হয়েছে।
মস্কো নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের চেয়ারম্যান আন্দ্রেই আলেকসেয়েনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
২০২২ সালে ইউক্রেন আক্রমণের প্রথম দিন থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছিল বাঁধটি। সোভিয়েত যুগের বাঁধটি উড়িয়ে দেয়ার জন্য কিয়েভকে দুষে আসছে রাশিয়া ও ইউক্রেন।










