কৃষ্ণসাগর দিয়ে শস্য রফতানি চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। গতকাল বুধবার (১৭ মে) বিষয়টি নিয়ে ঐকমত্যে আসে দুই দেশ। সংবাদমাধ্যমের বরাতে বাসসের খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে প্রচণ্ড লড়াই অব্যাহত থাকা সত্ত্বেও তারা এমন পদক্ষেপ গ্রহণ করল। 

এর আগে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ শস্য চুক্তিকে স্বাগত জানালেও তারা আরো রফতানি নিশ্চিতের আহ্বান জানিয়েছে, তবে রাশিয়া এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তা সত্বেও বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চুক্তিটিতে সম্মত হলো তারা। 

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেনের দুটি বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো না আটকানোর ব্যাপারে সম্মত হয়েছে।

জাতিসংঘ মহাসসিচব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই চুক্তি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন খাদ্য পণ্য বিশ্বব্যাপী রফতানি করা হয়।