মেক্সিকো উপসাগরের দক্ষিণে রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি তেল কোম্পানি পেমেক্সের প্লাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় দুজন নিহত ও আরো একজন নিখোঁজ রয়েছে। পেমেক্সের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, তেল উত্তোলনে বড় ধরনের ধাক্কা হিসেবে থাকবে অগ্নিকাণ্ডটি। খবর রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো ভিডিওতে প্লাটফর্ম ও পাইপলাইনের আগুন নজরে পড়ে। দেখা যায়, আগুন নেভানোর প্রচেষ্টায় পাশেই অবস্থান করছে নৌকা। এ প্লাটফর্মটির নিয়ন্ত্রণেই একসময় বিশ্বের সবচেয়ে উৎপাদনমুখর তেলক্ষেত্র ক্যান্টারেল ফিল্ড পরিচালিত হতো।
পেমেক্স অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন ব্যক্তির আহত হওয়ার খবর জানিয়েছিল। নহোক প্লাটফর্ম থেকে আগুন পরবর্তী সময়ে কমপ্রেশন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে আহতের সংখ্যা ছয়জনই কিনা, বিষয়টি এখনো নিশ্চিত না। কোম্পানির পক্ষ থেকে তেল উত্তোলনে বড় ধরনের ধাক্কা হিসেবে দুর্ঘটনাটিকে বিবেচনা করছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পেমেক্সের পক্ষ থেকে উপস্থাপন করা হয়নি। এক টুইটবার্তায় কোম্পানিটি জানায়, কর্মীরা পাইপলাইন মেরামত করার পেছনে নিয়োজিত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তারা সংযোগ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্লাটফর্মে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৩২৮। সেখান থেকে ৩২১ জনকেই দ্রুততম সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। খুব দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে উদ্ধারকার্য কিছুটা সহজ হয়েছে। গত দশকজুড়ে ক্যান্টারেলকে গণ্য করা হতো অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের অন্যতম উৎস হিসেবে। বর্তমানেও প্রতিদিন ১ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন হয় প্লাটফর্মটি থেকে। পেমেক্স সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েক দফা দুর্ঘটনার সাক্ষী হয়েছে।










