জাপানের মধ্য অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (১ জানুয়ারি) দুপুরের এ বিপর্যয়ের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খবর বিবিসি।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর ইশিকাওয়া অঞ্চলের উপকূলবর্তী নটোর বাসিন্দাদের দ্রুত উচুঁ এলাকায় যেতে বলা হয়েছে। সুনামির কারণে সেখানে ৫ মিটার বা ১৬ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সতর্কতা জারি হয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী নিগাতা ও টোয়ামা অঞ্চলে সুনামির সতর্কতা দেখানো হয়েছে। এখানকার উপকূলে ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

দেশটির টেলিভিশনের চ্যানেলগুলো বড় অক্ষরে ‘EVACUATE’ শব্দটি প্রদর্শিত হচ্ছে।

জাপানে এ সময়ের আবহাওয়া থাকে খুবই ঠাণ্ডা। তার মাঝেই বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে উচ্চ এলাকায় আশ্রয় নিতে বলা হচ্ছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের পরপরই বাড়ি ও সাবওয়ে স্টেশন ছেড়ে বের হয়ে আসছেন মানুষ। তবে দেশটির বৃহত্তম পরমাণু বিদ্যুৎ সংস্থা কানসাই ইলেকট্রিক জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র এলাকায় কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।