নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গডউইন ইমেফিলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। গত সপ্তাহে ইমেফিলের মুদ্রা ও মুদ্রানীতি পরিচালনার সমালোচনা করেন এবং কেন্দ্রীয় ব্যাংককে একক বিনিময় হার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। এ পদক্ষেপকে টিনুবুর আর্থিক খাতের পরিচালনা ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবর রয়টার্স।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এক আদেশবলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গডউইন ইমেফিলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এ-সংক্রান্ত তদন্ত ও সংস্কারের সমাপ্তি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের জন্য উপগভর্নরের কাছে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

ইমেফিলের বরখাস্তের খবর প্রকাশের পর নাইজেরিয়ার পুঁজিবাজারের লেনদেন বন্ধ হয়ে যায়। আগামীকাল সোমবার সরকারি ছুটির পর মঙ্গলবার বাজার আবার খোলা হবে।

নাইজেরিয়া বর্তমানে বড় ধরনের ডলার সংকটে রয়েছে। ফলে দেশটির নাগরিক ও ব্যবসায়ীরা কালোবাজারে বৈদেশিক মুদ্রার সন্ধান করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ‘নায়রা’র বিনিময় হার ক্রমেই দুর্বল হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি জাতীয় অহংকারের বিষয় হিসেবে ‘নায়রা’-কে শক্তিশালী রাখতে চেয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে জ্বালানি তেলের দাম পতনের সময় সেটি অসম্ভব হয়ে পড়ে। এ সময় বড় অবমূল্যায়ন এড়াতে একাধিক বিনিময় হার চালু হয়েছিল। গডউইন ইমেফিল জাতীয় চাহিদা নিয়ন্ত্রণ, নায়রার ওপর চাপ কমাতে ও ক্রমহ্রাসমান রিজার্ভ সংরক্ষণের জন্য ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে বিভিন্ন হারে ডলার বিক্রি করেছেন।