ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও ঠিক ভাবে দেখা যাচ্ছে না। একইসঙ্গে কনকনে ঠাণ্ডা এবং শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও চলছে সেখানে। এতে দৃশ্যমানতা খারাপ হয়ে যাওয়ায় যানবাহন ও উড়োজাহাজ পরিষেবার ওপর প্রভাব পড়ছে। ট্রেন ও ফ্লাইট বাতিল হওয়ায় কয়েক হাজার যাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।খবর হিন্দুস্থান টাইমস।

গণমাধ্যমটি বলছে, ভোরের দিকে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসে। শৈত্যপ্রবাহ চলতে থাকায় দেশটির আবহাওয়া অফিস রাজধানীতে ঘন কুয়াশা নিয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে। দিল্লি ছাড়াও পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাবের অনেক জায়গায় এবং উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় ঘন থেকে তীব্র কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরাখণ্ডের কয়েকটি জায়গা সহ রাজস্থানের বিচ্ছিন্ন জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

কুয়াশার কারণে দিল্লিগামী ২৫টির মতো ট্রেনও ছাড়তে বিলম্ব হয় বলে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। রাস্তাগুলোও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশজুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।