ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় একটি বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বিদ্যালয়টিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। গতকাল ভোরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

অন্যদিকে গাজায় একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার এ ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ১৫ জন। জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজার উত্তরাঞ্চলে আল সাফতাউয়ি এলাকায় একটি বিদ্যালয়কে বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এ বিদ্যালয়ে হামলা করা হয়েছে। এ হামলায় ২০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। হতাহতদের গাজা সিটির আল শিফা হাসপাতালে নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিদ্যালয়টিকে লক্ষ্য করে ট্যাংক থেকে সরাসরি কয়েকটি গোলা ছোড়া হয়।

অ্যাম্বুলেন্সে হামলার বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কুদরা সংবাদ সম্মেলনে বলেন, ‘‌প্রথম হামলাটি হয়েছে গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।’

আশরাফ আল–কুদরা আরো বলেন, ‘‌অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন।’

ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আশরাফ আল কুদরা।