স্থলপথে অভিযান চালাতে দক্ষিণ গাজায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস অঞ্চলের কাছে অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাংকবহর। গাজা নগরীতে হামাসের একজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

গত সপ্তাহ থেকে খান ইউনিসে বিমান থেকে লিফলেট ফেলা শুরু করে ইসরায়েল। ওই লিফলেটে এই অঞ্চলের বাসিন্দাদের মিসরের সীমান্তবর্তী অঞ্চল রাফাহর কাছাকাছি চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে তারা।

সোমবার সকালের দিকেও ইসরায়েল ফিলিস্তিনিদের গাজার মূল দক্ষিণাঞ্চলীয় নগরী খান ইউনিসের কয়েকটি এলাকা থেকে সরে যেতে বলেছে। যদিও অধিবাসীদের দাবি, তাদের যে এলাকায় সরে যেতে বলা হয়েছে সেখানেও হামলা হচ্ছে।

হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।  ইসরায়েলিরা দাবি করে উত্তরাঞ্চলে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। সেই দাবি অনুযায়ী, উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালায় তারা। এবার দক্ষিণাঞ্চলেও হামলা চালাচ্ছে দেশটি।

ইসরায়েলিদের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।