ইরানের কেরমান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র
গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) টেলিগ্রামের এক বার্তায়
এ হামলার দায় স্বীকার করে তারা। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ইরানের দক্ষিণ
পূর্বাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে
সমবেত জনতার ওপর বোমা হামলা চালানো হয়। এ হামলায় নিহত হয়েছে ১০০ জন। এছাড়া আহত হয়েছেন
আরো ২৮৪ জন।
টেলিগ্রামের বার্তায় আইএস জানিয়েছে, মৃত্যুবার্ষিকীর ওই সভায় আইএসের
দুই সদস্য সেদিন বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
সশস্ত্র গোষ্ঠীটির এই হামলার দায় স্বীকারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোন দায় নেই বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
আইএসের এই হামলায় প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার কেরমানে সাংবাদিকদের বলেন, সোলাইমানির সেনারা অবশ্যই এই হত্যার প্রতিশোধ নেবে।
নজিরবিহীন ওই হামলার পর ইরানের প্রেসিডেন্ট রাইসি এক বিবৃতিতে বলেছেন,
নিঃসন্দেহে, এটি কাপুরুষোচিত কাজ। অপরাধীদের শিগগিরই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে।
শোক সভার ওই হামলায় ইরান ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের অধিনায়ক কাসেম সোলাইমানি ছিলেন ইরানের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্বদের একজন।










