আগামী দশকে কার্বন নিঃসরণের হার ৭ থেকে ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে চীন। বৈশ্বিক উষ্ণতা বাড়ায় এমন পদক্ষেপ থেকে বিশ্বনেতাদের সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান জানানোর একদিন পর বুধবার দেশটির পক্ষ থেকে এ ষোষণা এলো।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভার্চুয়ালি দেয়া ভাষণে এ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে দেশটি পুরো অর্থনীতিতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৭ থেকে ১০ শতাংশ কমাবে। এ সময় বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ানো এবং ২০২০ সালের তুলনায় ছয় গুণ বেশি বায়ু ও সৌর শক্তি উৎপাদনের পরিকল্পনার কথাও বলেন তিনি।

শি আরো বলেন, পরিচ্ছন্ন শক্তির দিকে যাত্রা আমাদের সময়ের প্রবণতা। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যখন কোনো একটি দেশ এর বিরুদ্ধে কাজ করছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সঠিক পথে মনোযোগ ধরে রাখা।

একই মঞ্চে এর আগের দিন জলবায়ু পরিবর্তন রোধের প্রচেষ্টাকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেন ট্রাম্প। এ সময় দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, তারা যদি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বায়ু ও সৌর শক্তির দিকে যায়, তাহলে তারা বৈশ্বিক জ্বালানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।