গাজা ছেড়ে ফিলিস্তিনিদের অন্য দেশে চলে যাওয়া এবং উপত্যকায় নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলার আহ্বান জানিয়ে দুই ইসরায়েলি মন্ত্রী সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ( ২ জানুয়ারি) এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘গাজা থেকে বাসিন্দাদের বাস্তুচ্যুত কখনই সমর্থন করে না বাইডেন প্রশাসন। 

সম্প্রতি ওই দুই ইসরায়েলি মন্ত্রী বলেছেন, তারা মনে করেন গাজা থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের উদ্বুদ্ধ করা উচিত। গাজায় ইহুদি বসতি স্থাপনকারীদের ফেরত পাঠানো উচিত বলেও মনে করেন তারা। 

গতকাল এর নিন্দা জানিয়ে ম্যাথিউ তার বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেন গাজাবাসীকে উচ্ছেদের যে বক্তব্য দিয়েছেন তা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। এছাড়া ওই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করেছেন মার্কিন ওই মুখপাত্র।

ম্যাথিউ তার মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের এক বার্তায় লিখেছেন, গাজা থেকে বাসিন্দাদের বাস্তুচ্যুত করা কখনই সমর্থন যোগ্য নয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মার্কিন বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেন, ইসরায়েলের সরকার কখনও এসব বক্তব্যকে সমর্থন করে না। গাজা ফিলিস্তিনের ভূখন্ড বলেও স্বীকার করেন নেতানিয়াহু। তবে সেখানে হামাসের অস্তিত্ব টিকিয়ে রাখা হবেনা বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় গত তিন মাসে ২২ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫৭ হাজার ৩৫ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ হতাহতের ৭০ শতাংশ নারী এবং শিশু।