রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার নতুন একটি ধাপ শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য জি৭ প্লাটফর্মকে বেছে নিয়েছে ওয়াশিংটন। আশা করছে, শীর্ষ সম্মেলনের অন্য অংশগ্রহণকারীরা এতে রাজি হবে। খবর বিবিসি।

আজ শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায় এই বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আগামী রোববার সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে মস্কোর ‘যুদ্ধ মেশিন’কে পঙ্গু করার লক্ষ্যে ওয়াশিংটন এ ব্যবস্থা নিচ্ছে বলে জানায়। এই নিষেধাজ্ঞায় লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে এমন ৭০টি সংস্থা। এ ছাড়া অন্যান্য ব্যক্তি ও সংস্থার ওপর আরো ৩০০টি নতুন নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।

ইউক্রেনের যুদ্ধের ১৫তম মাসে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে চাপে থাকতে পারে অতিথি হিসেবে যোগ দেয়া ভারত। দেশটি পশ্চিমা আমদানি নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকার করেছে।

এখনো পর্যন্ত রুশ হিরা নিষিদ্ধ করার পক্ষে যুক্তরাজ্যের সবুজ সংকেত পাওয়া গেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের একজন মুখপাত্র জানান, তারা আশা করছেন রোববারের মধ্যে নতুন নিষেধাজ্ঞা সামনে আনা হবে।

চীনের সঙ্গে চলমান উত্তেজনা এই সম্মেলনে নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে। জি৭ নেতারা ‘উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ নিশ্চিত করতে চান। এছাড়া আলোচনায় থাকবে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো বিষয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান নিয়ে গঠিত এই ফোরামে আরো আটটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবার।