‘জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে এশীয় পরাশক্তি চীন। মঙ্গলবার রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বৈঠক শেষে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছে, চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ খাতে আরো গভীর সহযোগিতায় যেতে সম্মত হয়েছে পাকিস্তান।
বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা ও দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের প্রয়াসকে চীন স্বাগত জানায় ও সমর্থন করে।’
গত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়, চার দিন ধরে চলা সংঘর্ষের অবসান ঘটে। এই সংঘাত শুরু হয়েছিল ২২ এপ্রিল। ভারতের কাশ্মীরে একটি হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে সহিংসতায় জড়ায় ইসলামাবাদ ও দিল্লী।
এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, চীন পাকিস্তানকে তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন দেবে। আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিল্পায়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।










