আঞ্চলিক পর্যায়ে ৩৬ ঘণ্টার নতুন সামুদ্রিক পরিষেবা চালু করেছে ডিপি ওয়ার্ল্ড। এর আওতায় রয়েছে দুবাইয়ের মিনা রশিদ থেকে ইরাকের উম কসর পোর্ট। সংশ্লিষ্টরা বলছেন, সড়কপথের তুলনায় এটি দ্রুত বিকল্প এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরাকের মধ্যে বাণিজ্য সংযোগ শক্তিশালী করবে। রুটটি আন্তঃসীমান্ত লজিস্টিক সহজ, ট্রানজিট সময় সাশ্রয় ও আঞ্চলিক সরবরাহ চেইন আরো পূর্বাভাসযোগ্য করবে।

সম্প্রতি মিনা রশিদে এ পরিষেবার উদ্বোধন হয়েছে। এ সময় ডিপি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামের বিশেষ রোরো জাহাজকে পরিচিত করানো হয়। ড্রাইডকস ওয়ার্ল্ডে তৈরি জাহাজটি প্রতি যাত্রায় সর্বোচ্চ ১৪৫টি ট্রেলার বহন করতে পারবে। এ রুটের বিশেষত্ব হলো এখানে কনটেইনার নয়, পুরো ট্রেলার বহন করা হবে। অর্থাৎ চালকরাও জাহাজে থাকবেন। এতে হ্যান্ডলিং কমবে এবং বাণিজ্য সহজ হবে।

বিশেষ এ ব্যবস্থা সম্পর্কে বলা হচ্ছে, পরিষেবাটি ইউএই ও ইরাকের গ্রাহকদের জন্য সরাসরি ও নিরাপদ ডোর টু ডোর পণ্য পরিবহন করবে। পাশাপাশি প্রতিবেশী দেশে পণ্য পরিবহন সহজ, নির্ভরযোগ্য ও আন্তঃসীমান্ত জটিলতা কমাবে।

ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইমান বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাণিজ্য সহজ করতে পরিষেবাটি ইরাক ও ইউএইর মধ্যে দ্রুত ও কার্যকর সামুদ্রিক সংযোগ তৈরি করবে। গ্রাহকদের এটি পূর্বাভাসযোগ্য রুট দেয়, সময়, খরচ ও জটিলতা কমায়, যা দুই দেশের অর্থনৈতিক সুযোগ বাড়াবে।’

সংশ্লিষ্টদের দাবি, নতুন এ পরিষেবা ইরাকের প্রধান বাণিজ্য কেন্দ্রগুলোয় ইউএইর প্রবেশ সহজ করবে। এটি জর্ডান ও সিরিয়া পর্যন্ত বিদ্যমান স্থল রুটের মাধ্যমে বাণিজ্য সংযোগ বাড়াবে। ফেরার পথে ডিপি ওয়ার্ল্ড এক্সপ্রেস ইরাক থেকে রফতানি পণ্য বহন করবে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যে সহায়ক ভূমিকা রাখবে এবং এ অঞ্চলের সাপ্লাই চেইনকে আরো কার্যকর করবে। নতুন এ পরিষেবাকে ডিপি ওয়ার্ল্ডের ইন্টিগ্রেটেড লজিস্টিক ক্ষমতা বাড়াবে এবং নন-কনটেইনারাইজড পণ্যের সরাসরি সামুদ্রিক সংযোগকে সম্প্রসারণ করবে। এছাড়া এটি পরিবেশবান্ধব। কারণ বিকল্প পরিবহন ও লজিস্টিকের তুলনায় এটি কার্বন নিঃসরণ কমাবে।

খবর অ্যারাবিয়ান বিজনেস