বিশ্বের অন্যতম জনপ্রিয় টক শো উপস্থাপক
জেরি স্প্রিংগার আর নেই। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের শিকাগোর নিজ
বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বির্তকিত এই সঞ্চালকের বয়স হয়েছিল ৭৯ বছর।
খবর হিন্দুস্তান টাইমস।
১৯৯১ সাল থেকে ২০১৮ সাল প্রায় তিন দশক
টিভি অনুষ্ঠান ‘দ্য জেরি স্প্রিংগার শো’ উপস্থাপনা করে
অনেক বিতর্কের জন্ম দেন তিনি। জেরির অনুষ্ঠানে হাতাহাতি থেকে চুলোচুলি কিছুই বাদ থাকত
না। এমনকি চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে।
বলা হয়ে আছে, এই সব কর্মকাণ্ডের মাধ্যমে
একটা যুগ চিহ্নিত হয়ে আছে। যা মার্কিন সমাজের বাস্তব চিত্র বিশ্বের কাছে তুলে ধরেছে।
বিস্তারিত উল্লেখ না করে স্প্রিংগারের
মুখপাত্র জানান, বাড়িতেই জেরির শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে। পরিবারের তরফে আনুষ্ঠানিক
বিবৃতিতে বলা হয়, মানুষের মন বুঝতেন জেরি, সেটাই তার সাফল্যের একমাত্র চাবিকাঠি। রাজনীতি
বা টেলিভিশন টক শো সবক্ষেত্রেই তিনি সফল। তার চলে যাওয়া এক অপূরণীয় শূন্যস্থান তৈরি
করেছে। এটা আমাদের ব্যক্তিগত ক্ষতি, তবে স্মৃতিতে রয়ে যাবেন। তার রসবোধ আমরা হৃদয়ে
গেঁথে রাখব।
‘দ্য জেরি স্প্রিংগার
শো’-এর ২৭টি সিজনে
পাঁচ হাজার পর্ব সঞ্চালনার পাশাপাশি সিনসিনাটির মেয়র (১৯৭৭-১৯৭৮) হিসেবেও দায়িত্ব পালন
করেছেন এ টক শো তারকা।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ
কেনেডির ভাই ও রাজনীতিক রবার্ট এফ কেনেডির উপদেষ্টাও ছিলেন তিনি।
জেরির শো নিয়ে সমালোচনা কম হয়নি। অসভ্যতা,
জঞ্জাল বলেও দাগিয়ে দিয়েছেন সমালোচকরা। তবে জেরি স্প্রিংগারের মতে, আমি চাইলেও এই অনুষ্ঠানকে
ছকে বাঁধতে পারব না। যে ধরনের কৌতুক করি, তার ফলাফল সম্পর্কে আমি ভালোভাবে অবগত।
‘দ্য জেরি স্প্রিংগার
শো’-শেষ হওয়ার পর
২০১৯ সালে ‘জাজ জেরি’ নামক একটি কোর্টরুম
রিয়ালিটি শো হোস্ট করেছিলেন। কিন্তু আগের অনুষ্ঠানের জনপ্রিয়তার ছিটে ফোঁটাও পায়নি
এই শো। মাত্র তিন সিজনের পর গত বছর বাতিল হয় ‘জাজ জেরি’। শেষবার ফক্সের
গানের প্রতিযোগিতা ‘দ্য মাস্কড সিঙ্গার’-এ দেখা মিলেছে
জেরি স্প্রিংগারের।
১৯৪৪ সালের ১৩ ফেব্রুয়ারি লন্ডনের এক আন্ডারগাউন্ড
রেলস্টেশনে জার্মান অভিবাসী পরিবারে জেলার্ড নরম্যান স্প্রিংগারের জন্ম। ইহুদি পরিবারটির
জার্মানি থেকে উদ্বাস্তু হয়ে আসে, যা এখন পোল্যান্ডের অংশ। ওই সময় জার্মান বোমা হামলা
থেকে রক্ষা পেতে রেল স্টেশনে আশ্রয় নেন তারা।
এরপর জেরির বয়স যখন মাত্র পাঁচ বছর তখন
পরিবারটি ভাগ্য পরীক্ষায় আটলান্টিক পাড়ি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে
তার বেড়ে ওঠা। সত্তর দশকে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। কিন্তু ওহাইওর গভর্নর নির্বাচনে
প্রার্থী হতে না পেরে টিভি সাংবাদিকতায় চলে যান। সেখানে খ্যাতির শীর্ষে পৌঁছান।










