ইসরায়েলের স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সল্যুশন মেটা-মালিকানাধীন জনপ্রিয় প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এমন ৯০ জনের উপর নজরদারি করছে বলে জানা গেছে। যাদের মধ্যে সাংবাদিক ও সিভিল সোসাইটির সদস্যরাও আছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা। তিনি আরো জানান, এ ঘটনার পর প্যারাগনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ, যাতে তারা এই কাজ বন্ধ করে। খবর আল জাজিরা

সেই কর্মকর্তা কারো নাম উল্লেখ না করে জানান, হোয়াটসঅ্যাপ কানাডিয়ান ইন্টারনেট নজরদারি সংস্থা সিটিজেন ল্যাবের কাছে তথ্য পাঠাচ্ছে।

তবে প্যারাগন কীভাবে এই নজরদারির সঙ্গে জড়িত সে বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা এবং শিল্পখাতের অংশীদারদের এই বিষয়ে অবহিত করা হয়েছে।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলেছে, তারা মানুষের যোগাযোগের গোপনীয়তা বজায় রাখতে কাজ করবে।

যুক্তরাজ্যের গার্ডিয়ান সংবাদপত্রকে কোম্পানিটি আরো জানায়, তাদের ‘দৃঢ় বিশ্বা ‘ যাদের নজরদারিতে রাখা হয়েছে তারা সম্ভবত ক্ষতিগ্রস্থ হয়েছেন।

তবে প্যারাগন এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট-রেলটন রয়টার্সকে বলেন, যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের উপর নজরদারি করা প্যারাগন স্পাইওয়্যারের আবিষ্কার এবং ভাড়ায় এর ব্যবহারের ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি।

প্যারাগন সরকারি ক্লায়েন্টদের জন্য উচ্চমানের নজরদারি সফটওয়্যার বা স্পাইওয়্যার বিক্রি করে। তাদের সেবাগুলোকে তারা অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে।

ঠিক একই ধরনের স্পাই টুল ব্যবহার করে যে কারো অজান্তে তার মোবাইলে অ্যাক্সেস নেয়া যায়। যুক্তরাষ্ট্রের সাংবাদিক, অ্যাক্টিভিস্টসহ প্রায় ৫০ জন কর্মকর্তার ফোনে এমন স্পাইওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যা স্পাইওয়্যার প্রযুক্তির অবাধ বিস্তারের বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বজুড়ে ক্ষমতাসীন সরকার ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এমনকি রাষ্ট্রপ্রধানদের উপর গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করে আসছে।

ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ইহুদ বারাক ২০২৪ সালে ৯০০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের প্রাইভেট ইক্যুইটি ফার্ম, এইআই ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্সের কাছে বিক্রি করে দেয়।