যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের শহর সান্ডারল্যান্ডে নতুন বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) উৎপাদন শুরু করেছে জাপানের গাড়ি নির্মাতা নিশান। জনপ্রিয় লিফ মডেলের তৃতীয় প্রজন্ম বাজারে আনছে প্রতিষ্ঠানটি। পেট্রল ও ডিজেলচালিত গাড়ি থেকে সরে এসে বিদ্যুচ্চালিত যানবাহনে রূপান্তরের ক্ষেত্রে এটি যুক্তরাজ্যের গাড়ি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর দ্য গার্ডিয়ান।

নিশান জানিয়েছে, নতুন লিফ মডেল তৈরিতে কোম্পানিটি ৪৫ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ করেছে। এর মধ্যে ৩০ কোটি পাউন্ডের বেশি সরাসরি যুক্তরাজ্যের কার্যক্রমে ব্যয় করা হয়েছে। লিফ যুক্তরাজ্যে উৎপাদিত প্রথম বৃহৎ পরিসরের ব্যাটারিচালিত ইভি। এখন পর্যন্ত সান্ডারল্যান্ড কারখানায় ২ লাখ ৮২ হাজার ৭০৪টি লিফ তৈরি করেছে নিশান।

অটোমোটিভ ডাটা কোম্পানি মার্কলাইনসের তথ্য অনুযায়ী, সান্ডারল্যান্ডের কারখানাটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় গাড়ি উৎপাদন কেন্দ্র। এখানে প্রায় ছয় হাজার কর্মী কাজ করেন। বছরে ছয় লাখ গাড়ি উৎপাদনের সক্ষমতা থাকলেও ইউরোপীয় গাড়ি শিল্পে মন্দার কারণে ২০২৪ সালে এখানে উৎপাদন হয়েছে ২ লাখ ৮৪ হাজার গাড়ি।

নতুন লিফের বিক্রি ভবিষ্যতে কারখানার অন্যান্য উৎপাদন কার্যক্রম টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।