ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল সোমবার তাকে টেলিফোন করবেন। এ ফোনালাপের মূল উদ্দেশ্য হবে ‘রক্তপাত বন্ধ করা’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প এসব তথ্য জানান। খবর বিবিসি।

পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার সকাল ১০টায় এ ফোনালাপ হবে। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটো দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন। তিনি লেখেন, ‘আশা করি এটা ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে, আর এই ভয়াবহ যুদ্ধ—যেটা কখনোই শুরু হওয়া উচিত ছিল না—তার অবসান ঘটবে।’

এদিকে তিন বছর পর তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হলেও কোনো বড় অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ একটি বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যদি পুতিন বৈঠকে আসেন, তাহলে তিনিও উপস্থিত থাকবেন। কিন্তু পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

বিবিসি বলছে, ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির পক্ষপাতী হলেও, মস্কো এখন পর্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। তবে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এক ফোনালাপে মস্কো ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। পেসকভ তাস নিউজকে বলেন, ‘আলোচনা চলছে।’

ইউরোপের নেতারাও যুদ্ধের অবসানে অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। অবশ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে সম্ভাব্য এই ফোনালাপে যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে সরাসরি বৈঠকের বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।