ভারতের মহারাষ্ট্রে দুর্ঘটনার পর আগুন
ধরে যাওয়া একটি বাসে ২৫ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। ওই বাসে চালকসহ মোট ৩৩ জন আরোহী
ছিলেন, তাদের মধ্যে আটজন বের হয়ে আসতে পেরেছেন। খবর হিন্দুস্তান টাইমস।
গতকাল শুক্রবার (৩০ জুন) দিবাগত রাত ২টার
দিকে বুলধানা এলাকায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে পুনেগামী বাসটিতে আগুন ধরে যায়।
ওই সময় বেশির ভাগ ঘুমন্ত ছিলেন।
বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি
জানান, বাসটি পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে ২৫ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷এছাড়া
আহত আটজনকে বুলধানা সিভিল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানায়, বাসটি রাস্তার ধারে একটি
পোলে গিয়ে ধাক্কা মারে। তারপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ অবস্থায় উল্টে গেলে
আগুন ধরে যায়। ঘুমে থাকায় বেশির ভাগ যাত্রীই বের হয়ে আসতে পারেননি ৷
এদিকে বাসের চালক জানান, বাসের টায়ার ফেটে
গিয়ে এই বিপত্তি ঘটে।










