প্রতিরক্ষায় ব্যয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পরেই ভারতের স্থান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
এসআইপিআরআই এক প্রতিবেদনে জানায়, ২০২২ সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী ছিল ভারত। তালিকা অনুযায়ী, প্রতিরক্ষায় ব্যয়ের হিসাবে পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের এই পাঁচটি দেশই ৬৩ শতাংশ আন্তর্জাতিক সামরিক ব্যয় করে।
এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সামরিক ব্যয় ছিল ৮১ দশমিক ৪ বিলিয়ন ডলার। যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। এটি ২০২১ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। ২০১৩ সালের থেকে প্রায় ৪৭ শতাংশ বেশি। ভারতের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিকে চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সশস্ত্র বাহিনীর জন্য সরঞ্জাম আপগ্রেড ও চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে সামরিক পরিকাঠামোর উন্নয়নের পিছনেই প্রায় ২৩ শতাংশ সামরিক ব্যয় করেছে ভারত। তবে এখন পর্যন্ত বেতন এবং পেনশন প্রদান করতে গিয়েই সামরিক বাজেটের সবচেয়ে বড় অংশ খরচ করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের দুই প্রতিবেশী দেশই পারমাণবিকভাবে সশস্ত্র। আর তাদের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেও ভালো নয়। সীমান্তে একে অপরের মুখোমুখি হচ্ছে। ফলে এই ব্যয় হওয়াটাই স্বাভাবিক। আবার ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ফলে দেশের ব্যাপ্তি ও নিরাপত্তাগত হুমকির পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা ব্যয়ের কথাও বলা হয়েছে।










