যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ফেরার কোনো অধিকার দেয়া হবে না। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার কথা কয়েক দিন ধরেই বলছেন সদ্যই দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করা ট্রাম্প। ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। গতকাল ট্রাম্প জানান, তিনি এ উপত্যকার মালিকানা নিয়ে নেবেন। আর গাজার বাইরে ফিলিস্তিনিদের বসবাসের জন্য আলাদা ছয়টি জায়গা থাকবে।
ফিলিস্তিনিরা গাজায় ফেরার অধিকার পাবে কিনা, এমন প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘না, তারা পাবে না। কারণ তারা থাকার আরো ভালো জায়গা পেতে যাচ্ছে। আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা গড়ে তোলার কথা বলছি। কারণ এখন যদি তাদের ফিরতে হয়, তাহলে কয়েক বছর লেগে যাবে। এটা (গাজা) বসবাসযোগ্য নয়।’
গাজা পরিকল্পনার কথা ট্রাম্প প্রথম সামনে আনেন গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময়। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে সরিয়ে নেয়ার কথা বলেন। তবে ট্রাম্পের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি।










