ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইসলামাবাদের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা জানান, বেলুচি জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্স।

দুইদিন আগে প্রতিবেশী দেশটির ভূখণ্ডে হামলা চালায় তেহরান। এ নিয়ে তুমুল শোরগোলের পর পাল্টা জবাব দিল ইসলামাবাদ।

অবশ্য পাকিস্তানি কর্মকর্তারা এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে ইরানি মিডিয়া জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে আঘাত হেনেছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র। এতে তিন নারী ও চার শিশু প্রাণ হারিয়েছে, যাদের কেউই ইরানের নাগরিক নয়।

গত মঙ্গলবার হামলার পর ইরান বলেছিল, পাকিস্তানের ভেতরে থাকা ইসরায়েল-সংশ্লিষ্ট সশস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তান তখন জানিয়েছিল, বেসামরিক স্থাপনায় ওই হামলায় দুই শিশু নিহত হয়েছে। এর পরিণতির জন্য তেহরান দায়ী থাকবে বলেও সতর্ক করে দেয়া হয়।