ভারতীয় কাশির সিরাপে বিষাক্ত উপাদান নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছে। সম্প্রতি এ বিষয়ে তথ্যবহুল প্রতিবেদন ছাপিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে, মুম্বাইয়ের পরিচয়হীন একটি পক্ষ ভারতে তৈরি কাশির সিরাপে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ করেছিল। ওই সিরাপ পান করে গাম্বিয়ায় ৭০০-এর বেশি শিশুর মৃত্যু ঘটে। সংশ্লিষ্টরা দাবি করছেন, ভারতীয় এক রাসায়নিক ব্যবসায়ী ওই সরবরাহ কার্যক্রমে জড়িত ছিল। তবে একজন ওষুধ প্রস্তুতকারকের সাম্প্রতিক বক্তব্যে বিষাক্ত সিরাপ-সংক্রান্ত তদন্তে নতুন মোড় নিয়ে এসেছে। খবর রয়টার্স।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছর বলেছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি সিরাপগুলোয় মারাত্মক টক্সিন ইথিলিন গ্লাইকল (ইজি) ও ডাইইথিলিন গ্লাইকল (ডিইজি) পাওয়া গেছে। সাধারণত এসব উপাদান গাড়ির ব্রেক ফ্লুইড হিসেবে ব্যবহৃত হয়। এ উপাদানগুলো ওষুধ তৈরির মূল উপাদান প্রপাইলিন গ্লাইকলের (পিজি) বিকল্প হিসেবে অসাধু ব্যবসায়ীরা ব্যবহার করতে পারে। কেননা সিরাপে পিজির পরিবর্তে ভিন্ন উপাদান ব্যবহার উৎপাদন খরচ অর্ধেকেরও বেশি কমাতে পারে।
প্রতিবেদন বলছে, যেসব শিশু মারা গেছে, তাদের অধিকাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী। এছাড়া এসব শিশু কিডনিতে বড় ধরনের ক্ষতির কারণে মারা গিয়েছিল। কিছু শিশু মারা গেছে সিরাপ খাওয়ার কয়েকদিনের মধ্যে।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিসেম্বরে ডব্লিউএইচওকে বলেছিল, সিরাপগুলোয় ব্যবহৃত পিজি দিল্লিভিত্তিক ওষুধ সরবরাহকারী সংস্থা গোয়েল ফার্মা কেম থেকে এসেছিল। এছাড়া এসব উপাদান দক্ষিণ কোরিয়ার নির্মাতা এসকেসি কো লিমিটেড থেকে আমদানি করার বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে শারাদ গোয়েল নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, তিনি সিলড ব্যারেলে উপাদানটি কিনেছিলেন, তবে সরাসরি এসকেসি থেকে নয়। ফেব্রুয়ারিতে শারাদ গোয়েল রয়টার্সকে বলেছিলেন, ‘আমরা মুম্বাইয়ের এক আমদানিকারক থেকে পিজি কিনেছিলাম। ওই আমদানিকারক এসকেসি থেকে কিনেছিলেন। আমি সরবরাহকারীর নাম লিখে রাখিনি। আমাদের প্রয়োজন বাণিজ্যিক যোগাযোগগুলো ধরে রাখা।’
রয়টার্স আলাদাভাবে গোয়েলের তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে এসকেসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি কখনই কোনো পিজি সরবরাহ করেনি। সেটা গোয়েল বা মেইডেন যে প্রতিষ্ঠানই হোক না কেন। তবে গোয়েলের দাবি যদি সত্য হয়, তবে বিষাক্ত উপাদান নিয়ে গাম্বিয়া, ভারত ও ডব্লিউএইচওর তদন্তে একটি নতুন সূত্র সামনে নিয়ে আসবে। ডব্লিউএইচও ও গাম্বিয়ার সরকার বলছে, ভারত থেকে যথাযথ তথ্যের অভাবে একজন অপরাধীর তথ্য আড়ালে রয়ে গেছে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গত ডিসেম্বরে জানিয়েছিল, তাদের নিজস্ব পরীক্ষায় সিরাপগুলোয় কোনো বিষাক্ত উপাদান পাওয়া যায়নি। তবে এর কারখানা পরিদর্শনকারীরা মেইডেনের ওষুধের ব্যাচগুলোয় ভুলভাবে সংযুক্ত লেবেল দেখতে পেয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযুক্ত মধ্যস্থতাকারী বা এ প্রতিবেদনে উত্থাপিত কোনো বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর রয়টার্সকে দেয়নি। ওষুধের সাপ্লাই চেইনে একজন মধ্যস্থতাকারী বা তৃতীয় কোনো পক্ষ ছিল এমন দাবির বিষয়ে ডব্লিউএইচওর প্রধান তদন্তকারী জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ ও ওষুধ প্রস্তুতকারকদের কাছ থেকে যথাযথ তথ্যের অভাবে তদন্ত খুব একটা এগোয়নি।
চলতি সপ্তাহে ডব্লিউএইচওর মুখপাত্র বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তার মধ্যে একটি হলো, শারাদ গোয়েল এসকেসি থেকে পিজি কিনেছিলেন। তবে সে লেনদের কোনো তথ্য প্রমাণ সরবরাহ করা হয়নি। এছাড়া দক্ষিণ কোরিয়ান নিয়ন্ত্রকের সঙ্গে সে লেনদেন সম্পর্কে ডব্লিউএইচও নিশ্চিত হতে পারেনি।’










