রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আক্রমণ কোন পর্যায়ে বা কোন এলাকায় পরিচালিত হচ্ছে এ নিয়ে কোনো তথ্য দেননি তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে অনুযায়ী জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পাল্টা পদক্ষেপ নেয়া হচ্ছে। দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে ক্রমবর্ধমান যুদ্ধ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার মাঝে তিনি এ মন্তব্য করেন।
ইউক্রেনীয় সৈন্যরা বাখমুতের কাছে ও দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে বলে জানা গেছে। তারা রুশ লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়ে যাচ্ছে। অবশ্য যুদ্ধক্ষেত্র নিয়ে বরাবরই দুই পক্ষের দাবি বিপরীত। অনেক ক্ষেত্রেই সংবাদমাধ্যমের স্বাধীনভাবে বিশ্লেষণের সুযোগ থাকে না।
গতকাল কিয়েভে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কি। ট্রুডো এ অঘোষিত সফরে নতুন সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ২৯ কোটি ৭০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়ার পক্ষে সমর্থন করবে কানাডা।










