সন্দেহভাজন মানব পাচারের ঘটনায় ফ্রান্সে চারদিন আটকে থাকা উড়োজাহাজটি ভারতের অবতরণ করেছে। এয়ারবাস এ৩৪০ এর ওই ফ্লাইটে ২৭৬ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর ৪টার পর মুম্বাইয়ে অবতরণ করে। খবর এনডিটিভি।

এর আগে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে প্যারিসের কাছে ভ্যাট্রি বিমানবন্দর থেকে এটি উড্ডয়ন করেছিল।

ফরাসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ফ্লাইটে ২৭৬ জন যাত্রী ছিলেন। তবে পাঁচ অপ্রাপ্তবয়স্কসহ ২০ জন আশ্রয়প্রার্থী ফ্রান্সে রয়ে গেছেন।

গত ২২ ডিসেম্বর ভ্যাট্রিতে ৩০৩ জন যাত্রী নিয়ে অবতরণ করে উড়োজাহাজটি। এরপর চারদিন বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করেন যাত্রীরা। তাদের অপ্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করে স্থানীয় কর্তৃপক্ষ, স্থাপিত হয় অস্থায়ী আদালতও।

ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাত থেকে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় যাচ্ছিল। পথে ফ্রান্সে জ্বালানির জন্য বিরতি নেয়, এসময় মানব পাচার সন্দেহে পুলিশ এর উড়ান আটকে দেয়। পরে তদন্তের সুবিধার্থে বিমানবন্দরটি রিকুইজিশনে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ধারণা করা হচ্ছিল, মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দিতে ওই উড়োজাহাজে চড়েছিলেন ভারতীয়রা। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল (সিবিপি) থেকে পাওয়া তথ্য অনুসারে, সম্প্রতি ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩ অর্থবছরে যা রেকর্ড ৯৬ হাজার ৯১৭ এ পৌঁছে, আগের বছরের তুলনায় ৫১ দশমিক ৬১ শতাংশ বেশি।

অবৈধ অভিবাসনে ‘ডাঙ্কি’ ফ্লাইট পরিচিত একটি শব্দ। যেখানে ব্যক্তিরা তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে তৃতীয় দেশের মধ্য দিয়ে ট্রানজিট করে। তাদের কাছে থাকে না প্রয়োজনীয় অনেক নথি। ফ্লাইটটি দুবাই থেকে ভাড়া করা হয়, জ্বালানির জন্য প্যারিস থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের বিমানবন্দরে অবতরণ করেছিল।

ঘটনাটি যুক্তরাষ্ট্রে মানব পাচারের চক্রের সঙ্গে যুক্ত হতে পারে। এ বিষয়ে তদন্ত করেছে ফ্রান্সের সংস্থা জুনালকো। এ ঘটনায় ফ্লাইট থেকে দুজনকে আটক করা হয় ও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখনো এ নিয়ে বিস্তারিত জানাতে রাজি নয় ফরাসি কর্তৃপক্ষ।

ফ্রান্সে মানব পাচার গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়, এর সর্বোচ্চ শাস্তি ২০ বছর।