৩০৩ ভারতীয়কে নিকারাগুয়ায় নিয়ে যাওয়ার পথে একটি চার্টার উড়োজাহাজ আটক হয়েছিল ফ্রান্সে। চারদিন দেশটির মাটিতে থাকার পর গতকাল রোববার (২৪ ডিসেম্বর) উড়োজাহাজটি উড়ার অনুমতি পেয়েছে। তবে এবার নিকারাগুয়া নয়, আটকে পড়া ভারতীয়দের ফেরত নেবে দেশে। খবর এপি।

গত বৃহস্পতিবার থেকে বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন তিন শতাধিক যাত্রী। যাদের মধ্যে ২১ মাস বয়সী এক শিশু রয়েছে। স্থানীয় প্রসিকিউটর অ্যানিক ব্রাউন জানান, বড়দিন সামনে রেখে কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দিতে কাজ করছে।

সংগঠিত অপরাধী চক্র এ সন্দেহভাজন মানব পাচারের সঙ্গে জড়িত বলে ধারণা করছিল ফরাসি তদন্তকারীরা। তারা দুই যাত্রীকে আটকও করে। স্থানীয় প্রশাসন জানান, বেশ কয়েকজন যাত্রী ফ্রান্সে আশ্রয়ের জন্য অনুরোধ করেছেন। এছাড়া ১১ সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক যাত্রীকে প্রশাসনিক তত্ত্বাবধানে রাখা হয়।

লিজেন্ড এয়ারলাইনসের এ-৩৪০ বিমানটি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বিমানবন্দর থেকে নিকারাগুয়া যাওয়ার পথে ভ্যাট্রিতে জ্বালানির জন্য থামে। পরে মানব পাচারের সন্দেহে পুলিশ এর যাত্রা আটকে দেয়।

বিমানবন্দরটি কয়েক দিনের জন্য রিকুইজিশন করে পুলিশ। সেখানে স্থাপন করা হয় অস্থায়ী আদালত কক্ষ। ভারতীয় ও অন্যান্যদের আটকে রাখা ও যাবতীয় বিষয়ে জরুরি শুনানির জন্য কাজ করছিলেন বিচারক, আইনজীবী ও অনুবাদকরা। অবশ্য বিমানবন্দরে ভারতীয়দের আটকে রাখার আইনগত প্রক্রিয়া নিয়ে বিরোধ দেখা দেয়, এ নিয়ে মাঝপথে শুনানি স্থগিত হয়েছিল।

গতকাল রোববার সকালে এয়ারলাইনসের ওপর থেকে বাজেয়াপ্ত আদেশ প্রত্যাহার করা হয়। ফরাসি বেসামরিক উড়োজাহাজ কর্তৃপক্ষ ফ্লাইটটি উড্ডয়নের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার চেষ্টা করে এ সময়।

লিজেন্ড এয়ারলাইনসের আইনজীবী লিলিয়ানা বাকায়োকো জানান, ‘যতটা সম্ভব যাত্রী নিয়ে’ সোমবার ভারতের মুম্বাইয়ের দিকে যাত্রা করতে পারে ফ্লাইটটি। এ সংখ্যা ২৮০ হতে পারে। তবে প্রসিকিউটর ও আঞ্চলিক প্রশাসন সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় কর্মকর্তা, চিকিৎসক ও স্বেচ্ছাসেবক মিলিয়ে বিমানবন্দর অস্থায়ী ক্যাম্পে পরিণত হয় এ কয়েকদিনে। ফ্রান্সে পুলিশের তদন্তের জন্য বিদেশীদের ট্রানজিট জোনে চারদিন পর্যন্ত আটকে রাখা যেতে পারে। যাত্রীদের অবস্থানের মেয়াদ ওই সময় অতিক্রম করবে কিনা এ নিয়ে সব তর্ক-বিতর্ক হয় গতকাল রোববার।

পাচারের অভিযোগ বা যাত্রীদের চূড়ান্ত গন্তব্য যুক্তরাষ্ট্র ছিল কিনা সে বিষয়ে মন্তব্য করবেন না বলে জানিয়েছেন স্থানীয় আইন কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে মেক্সিকো সীমান্ত দিয়ে ইউএস পাড়ি দেয়া ভারতীয়দের সংখ্যা বেড়েছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া মার্কিন অর্থ বছরে মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভারতীয়রা ৪১ হাজার ৭৭০ বার গ্রেফতার হন। আগের বছর এ সংখ্যা ছিল ১৮ হাজার ৩০৮।