ফ্ল্যামিঙ্গোদের বসবাসের জন্য বিখ্যাত
দক্ষিণ স্পেনের বিখ্যাত জলাভূমি ফুয়েন্তে দে পিয়েড্রা। আগের মৌসুমেও এক অঞ্চলে কয়েক
হাজার জোড়া ফ্ল্যামিঙ্গো দেখা গেছে। কিন্তু খরার দাপটে সেই সুনাম হারাতে বসেছে জলাধারটি।
খবর বিবিসি।
এক প্রতিবেদনে জানানো হয়, ছবির মতো সুন্দর
সেই দৃশ্য এখন আর নেই। দীর্ঘস্থায়ী খরার কারণে অতিসুন্দর প্রাণীগুলো বেরিয়ে
পড়েছে নতুন বসতির সন্ধানে। সেখানেই ডিম ফুটে বেরোবে শাবক।
মালাগা প্রদেশের ফুয়েন্তে দে পিয়েড্রা
জলাভূমিকে ১৯৮৪ সালে প্রাকৃতিক সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু গতকাল
শনিবার (১৭ জুন) লবণাক্ত পানির উপহ্রদে মাত্র কয়েক ডজন প্রাপ্তবয়স্ক পাখি দেখা গেছে।
কর্মকর্তারা জানান, সাম্প্রতিক মৌসুমে
পর্যাপ্ত পানি পায়নি এই জলাভূমি। গত মাসের মাঝামাঝি পর্যন্ত স্পেন প্রত্যাশার চেয়ে
২৮ শতাংশ কম বৃষ্টি দেখেছে।
তারা বলছেন, ১৯৬১ সালের পর থেকে সবচেয়ে উষ্ণ বসন্ত পার করেছে দেশটি। এই উচ্চ তাপমাত্রা পুরো গরমের মৌসুম জুড়ে চলতে পারে।
আন্দালুসিয়ার কৃষি অফিস অনুসারে, এর আগে
এই উপহ্রদে দুই লাখেরও বেশি ফ্ল্যামিঙ্গো ছানা ডিম ফুটে বের হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি
একবারে ভিন্ন।
স্থানীয় বাসিন্দা আলবার্তো গঞ্জালেজ সানচেজ
জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হয়েছে। যা এই অঞ্চলের পর্যটনের ওপরও প্রভাব
ফেলছে। কারণ মনোমুগ্ধকর দৃশ্য ও ফ্ল্যামিঙ্গোদের বিচরণ দেখতে ভিড় করেন তারা।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সাম্প্রতিক বছরগুলোতে
অতিবৃষ্টি, অনাবৃষ্টির দাপট বেড়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে কয়েক দশকের তাপপ্রবাহের রেকর্ড
ভঙ্গ হয়েছে। ইউরোপ ও আফ্রিকার অনেক দেশ দাবানলসহ অন্যান্য বিপর্যয়ের মুখে পড়েছে।










