রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুরো বিশ্ব এখন
অস্থির সময় পার করছে। এরই মধ্যে পূর্ব উপকূলে দুটি রুশ যুদ্ধজাহাজ শনাক্তের দাবি করেছে
তাইওয়ান। প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জাহাজগুলোর গতিবিধি নজরে রাখতে এয়ারক্রাফট
ও জাহাজ পাঠিয়েছে। খবর রয়টার্স।
সম্প্রতি দেয়া এক বিবৃতিতে স্বশাসিত দ্বীপটির
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের পূর্ব উপকূল থেকে দুটি ফ্রিগেট উত্তরের দিকে
যাত্রা করেছে। এরপর বন্দর নগরী সুয়াওর দিকে যাত্রা করে। সেখানে তাইওয়ানের সবচেয়ে বড়
নৌ ঘাঁটি রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তাইওয়ান এয়ারক্রাফট ও জাহাজ পাঠানোর পাশাপাশি উপকূলে মিসাইল সিস্টেমও
সক্রিয় রেখেছে বলে জানা গেছে। তবে এর বাইরে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
এক প্রতিবেদনে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স
জানায়, রাশিয়ান প্যাসিফিক ফ্লিট থেকে একটি জাহাজ বিচ্ছিন্ন হয়ে ফিলিপাইনের উত্তর সমুদ্রসীমায়
প্রবেশ করেছে।
ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনার কারণে
রাশিয়ার ওপর সার্বজনীন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো।
তাইওয়ানও দেশগুলোর সঙ্গে যুক্ত হয়েছে।










