চলতি সপ্তাহের শেষের দিকে
বড় আকারের যৌথ মহড়া শুরুর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ
কোরিয়ার বিমান বাহিনী গতকাল জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক
হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ইয়োনহা
এজেন্সি।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র
বাহিনীর তথ্যানুযায়ী,
সিউলের দক্ষিণে ২৬৭ কিলোমিটার দূরে গুয়াংজুতে অবস্থিত গুয়াংজু
এয়ার বেসে ১২ দিনব্যাপী কোরিয়া ফ্লাইং ট্রেনিং শুরু হবে। এ কার্যক্রমে ১১০টি
এয়ারক্রাফট বা যুদ্ধবিমান এবং ১ হাজার ৪০০ বাহিনী অংশ নেবে।
প্রতিবেদন বলছে, দক্ষিণ
কোরিয়া এফ-৩৫এ, এফ-১৫কে এবং কেএফ-১৬ ফাইটার্স এবং কেসি-৩৩০
ট্যাংকার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটসহ প্রায় ৬০টি যুদ্ধবিমান মোতায়েন করার
পরিকল্পনা করেছে। এ সময়ে যুক্তরাষ্ট্র মোতায়েন করবে ৪০টিরও অধিক এয়ারক্রাফট। যার
মধ্যে থাকবে এফ-১৬ ফাইটার্স, এ-১০ অ্যাটাক এয়ারক্রাফট এবং
মেরিন কর্পস’ এফ-৩৫বি এবং এফএ-১৮ জেট।
দক্ষিণ কোরিয়ার
বিমানবাহিনী জানিয়েছে,
মহড়াটি প্রতিবেশী দেশগুলোর উন্নত চতুর্থ ও পঞ্চম প্রজন্মের
যুদ্ধবিমানকে লক্ষ্য রেখে পরিচালিত হবে। মহড়া চলাকালীন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ
প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে স্ট্রাইক প্যাকেজ ফ্লাইট, ডিফেন্সিভ
কাউন্টার-এয়ার এবং ক্লোজ এয়ার সাপোর্ট অপারেশনসহ বিভিন্ন প্রশিক্ষণ।
দক্ষিণ কোরিয়ার
বিমানবাহিনীর অপারেশন কমান্ডের প্রধান লি বিওম-কি বলেন, ‘এ মহড়ার
মাধ্যমে আমরা দক্ষিণ কোরিয়া-মার্কিন মিত্রতা পুনরায় নিশ্চিত করতে সক্ষম হব। একই
সঙ্গে যৌথ অপারেশনাল সক্ষমতাকে আরেকটি স্তরে উন্নীত করতে সক্ষম হব।’










