অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে
হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা ইসরায়েলিদের হামলায় নিহত অপর চার স্বজনের
শেষকৃত্যে অংশ নিতে গিয়েছিলেন। খবর আলজাজিরা ও রয়টার্স।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল
বুধবার (১১ অক্টোবর) কুসরা গ্রামে সশস্ত্র বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সৈন্যদের হাতে
নিহত চার ফিলিস্তিনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বসতি স্থাপনকারীরা ফের গুলি চালালে বাবা-ছেলে
গুলিবিদ্ধ হন।
নিহত দুই ফিলিস্তিনির স্বজন আলজাজিরাকে
বলেন, ইসরায়েলিরা ‘এমনকি আমাদের প্রিয়জনকেও শেষ বিশ্রামে নিতে দেবে না’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির স্থানীয়
সংবাদদাতা বলেন, সর্বশেষ উত্তেজনার আগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
প্রতিদিন গড়ে তিনটি হামলা করত। বছরের শুরু থেকে ধরলে ৮০০টিরও বেশি আক্রমণ করেছে তারা।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে
কুসরা গ্রাম ঘিরে আছে চারটি অবৈধ ইসরায়েলি বসতি।










