পাকিস্তানজুড়ে গত ৯ মে সংঘটিত দাঙ্গা, ভাংচুর এবং সেনানিবাস ও দপ্তরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি রাজধানী ইসলামাবাদে স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করে পাকিস্তান সরকার। এর পরদিন শুক্রবার পার্লামেন্ট ভবনে বাজেট পরবর্তী ব্রিফিং শেষে খাজা আসিফ বলেন, ‘৯ মের দাঙ্গার ঘটনা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। যেহেতু পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতারের পরপরই এর সূত্রপাত, তাই দাঙ্গার সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পিটিআই প্রধানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের কেন্দ্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। এর পর পরই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেন পিটিআই কর্মী-সমর্থকরা। ওই বিক্ষোভে পাকিস্তানের চারটি প্রদেশ ও তিনটি কেন্দ্রশাসিত এলাকার বিভিন্ন সেনানিবাস, সেনা দপ্তর ও সরকারি দপ্তরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেনানিবাস ও সেনা দপ্তরে হামলার ঘটনা দেশটির ইতিহাসে এটাই প্রথম।

পিটিআইয়ের দাবি, ওই ঘটনায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে পাকিস্তানজুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। পিটিআইয়ের এমন দাবিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।