রোস্তভ অন ডনের পর রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দ্বিতীয় আরেকটি শহরের সামরিক স্থাপনা দখল করে নিয়েছেন ওয়াগনার যোদ্ধারা। শনিবার রোস্তভ  ও মস্কোর মধ্যবর্তী ভোরোনেজ শহরের সব সামরিক স্থাপনা ওয়াগনার দখলে নিয়েছে বিবিসির এক খবরে বলা হয়েছে।

তবে ভোরোনেজ শহর কর্তৃপক্ষ ওয়াগনারের সৈন্যদের দখলের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। এদিকে ভোরোনেজের এক তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ওয়ানগার গোষ্ঠীকে রুখতে ওই তেল শোধনাগার এবং ডিপোতে বোমা ফেলেছে রাশিয়া বিমানবাহিনীর কেএ-৫২ অ্যালিগেটর অ্যাটাক হেলিকপ্টার।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করা ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ এই সশস্ত্র বিদ্রোহ করেছে। বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন। প্রতিক্রিয়ায় তাকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল দিবাগত গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে প্রিগোজিন বলেন, যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে ধ্বংস করব। আমরা এগিয়ে যাচ্ছি ও শেষ পর্যন্ত যাব।

গতকাল শুক্রবার (২৩ জুন) একগুচ্ছ অভিযোগ এনে ক্রেমলিনকে চ্যালেঞ্জ জানান ওয়াগনার প্রধান। মস্কো এই হুমকিকে গুরুত্ব দিয়ে রাজধানী, সামরিক সদর দফতর ও অন্যান্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে।