গাজা উপত্যকার একটি সুড়ঙ্গ থেকে পাঁচ
জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনারা। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায়
মরদেহগুলো উদ্ধারের করা হয় বলে জানান আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর আনাদোলু।
তবে জিম্মিদের হত্যার বিষয়টি অস্বীকার
করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেড। তারা বলছে, কয়েক দিন আগে পাঁচ জিম্মির
একটি দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইসরায়েলি বিমান হামলায় ওই জিম্মিদের
মৃত্যু হতে পারে বলে ধারণা করছে হামাস।
ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে জানিয়েছেন,
গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় একটি সুড়ঙ্গ পথে অভিযানের সময় ওই জিম্মিদের মৃতদেহ
উদ্ধার করা হয়। হামাসই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
কয়েকদিন আগে আল-কাসেম ব্রিগেডের প্রকাশিত
একটি ভিডিওতে ওই পাঁচ জিম্মির তিনজনকে দেখা যায়। সেখানে তারা মুক্তির জন্য ব্যবস্থা
নিতে তেল আবিবের কাছে আহ্বান জানান।
মরদেহ উদ্ধারের পর দক্ষিণ গাজার খান
ইউনিস শহরে হামলা আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন হাগারি। তিনি বলেন, আইডিএফ গাজার
দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করছে।
গত অক্টোবরের শুরুতে হামাসের হামলায়
এক হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন এবং জিম্মি হন ২৪০ জন। এর মধ্যে কয়েক ডজন জিম্মিকে
মুক্তি দিয়েছে হামাস। এছাড়া গাজায় প্রায় ১৫০ সেনা হারিয়েছে ইসরায়েল।
অন্যদিকে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের
তথ্য মতে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০ হাজার
৪২৪ ফিলিস্তিনি, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ৫৩ হাজারের বেশি।










