যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সাগিনাউ কাউন্টিতে এক স্ট্রিট পার্টির গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। মিশিগান স্টেট পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিবিএস নিউজ।

মিশিগান পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোর্থ স্ট্রিট ও জনসন স্ট্রিটের কাছাকাছি পার্টিতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্টিটি প্রচারিত হচ্ছিল। গুলি চালানোর আগে সাগিনাউ কাউন্টির পুলিশ শহরের বিভিন্ন স্থানে একাধিকবার বিশাল জনতাকে সরিয়ে দিয়েছিল। এ সময় পুলিশ আশপাশেই ছিল। একাধিক ব্যক্তি জরুরি সেবা ৯১১-তে কল করে জানিয়েছে যে মধ্যরাতের দিকে লোকজন গুলি চালাচ্ছিল।

প্রতিবেদন বলছে, ওই পার্টিতে ৩০০ জনেরও অধিক লোক উপস্থিত ছিল। বিবৃতিতে বলা হয়েছে, গুলিতে বা গাড়ির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন দুজন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী পুরুষ ও একজন ৫১ বছর বয়সী নারী। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জনসাধারণের জন্য কোনো চলমান হুমকি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।