ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েও হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। তিন মাসের টানা সংঘাতের পর এখনও ১৩৬ ইসরায়েলি হামাসের হাতে আটক রয়েছে। স্থানীয় সময় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সি।
এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ‘১৩৬ ইসরায়েলি এখনও গাজা উপত্যকায় বন্দি রয়েছে, যার মধ্যে ৩ জন বেসামরিক নাগরিকও রয়েছেন যাদের প্রাথমিকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে জানা যায় তারা গাজায় বন্দিদের মধ্যে রয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা তাদের ফিরিয়ে আনতে গোয়েন্দা এবং সামরিক অভিযানসহ সকল প্রচেষ্টার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি।’
এর আগে অবশ্য ইসরায়েলি কর্মকর্তা এবং মিডিয়ায় প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে ইঙ্গিত দেয়া হয়েছিল যে, গাজা উপত্যকায় ১২৯ জন বন্দি রয়েছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলছেন তাদের সংখ্যা ১৩৬ জন।এতে করে গাজায় হামাসের হাতে আটক থাকা বন্দিদের প্রকৃত সংখ্যা সম্পর্কে ইসরায়েলেই পরস্পরবিরোধী পরিসংখ্যানের আভাস পাওয়া যাচ্ছে।










