বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে জনতার ঢল নেমেছে ইসরায়েলের তেল আবিবের রাজপথে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি সরকার এবং দেশের বিচার ব্যবস্থাকে সংশোধনের পরিকল্পনার জেরে ফের বিক্ষোভ করছে লাখো মানুষ। বিক্ষোভের মুখে দেশটির স্থানীয় সময় আজ রোববার ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বাতিল করেছেন নেতানিয়াহু। খবর দ্যা জেরুজালেম পোস্ট।
গণমাধ্যমটি বলছে, নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই ধারাবাহিক আন্দোলন চলে আসছে। এতে একদিকে যেমন সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছেন নেতানিয়াহু, তেমনি তার সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে গত মাসে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন তিনি। পার্লামেন্টে দেয়া ভাষণে পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি নেতানিয়াহু। ফলে ক্ষোভ আরও বাড়ছে দেশটিতে।
শনিবার তেল আবিবের বিক্ষোভে নেতানিয়াহুর মুখের ওপর ‘অপরাধমন্ত্রী’ লেখা একটি ব্যানার দেখা যায়। এছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে জড়ো হন অনেকে। তেল আবিবের সমাবেশ থেকে ইহুদি নারীদের জাতীয় কাউন্সিলের প্রধান শিলা কাটজ বলেন, এটি শুধু তথাকথিত বিচারিক সংস্কার সম্পর্কে বিক্ষোভ নয়, এটি গণতন্ত্রের বিষয়।
প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে ইসরায়েলের বিচার ব্যবস্থায় সংশোধন উন্মোচন করেন ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারভি লেভিন। কিন্তু এমন পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দোলনকারীরা বলছেন, সুপ্রিম কোর্টকে দুর্বল করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেতানিয়াহুর সরকারের।










