ইতালিতে ২০টিরও বেশি নদী উপচে সৃষ্ট
বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। দেড় দিনের এই ঘটনায় প্রায় ১৩ হাজার মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে।
খবর বিবিসি।
বৃষ্টির কারণে বোলোগনা ও উত্তর-পূর্ব উপকূলের
১১৫ কিলোমিটারের মধ্যে প্রায় প্রতিটি নদী প্লাবিত হয়েছে। এ ছাড়া প্রায় ২৮০টি ভূমিধসের
ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) ক্ষতিগ্রস্ত
শহর রাভেনার মেয়র মিশেল ডি পাসকেল বলেন, এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়
এটি। বন্যায় শহরের বিস্তীর্ণ অঞ্চলে বাসিন্দারা প্রাণহানিসহ বাড়িঘর ও সম্পদ হারিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ৪৮ ঘন্টার
মধ্যে পানি ও কাদা পুরো গ্রাম ঢেকে দিয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের
প্রভাব বিষয়ে ইতালির একটি জাতীয় পরিকল্পনা দরকার।
বেসামরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি
বলেছেন, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ইতালিতে প্রভাব ফেলা শুরু করেছে। ৩৬ ঘণ্টার মধ্যে
২০ সেমি বৃষ্টিপাত হয়েছে। যা কিছু এলাকায় ছিল ৫০ সেমি।
তিনি বলেন, মাটি দীর্ঘ সময় ধরে শুষ্ক
থাকায় সিমেন্টে পরিণত হয়েছে। ফলে পানি শোষণ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে
গেছে।
আরো বলেন, ৪০ বছর ধরে কোনো আঞ্চলিক বাঁধ
নির্মাণ করা হয়নি। পানি ব্যবস্থাপনায় নতুন প্রকৌশল প্রয়োজন রয়েছে।
এই সংকট মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী
জর্জিয়া মেলোনির সরকার আগামী মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে। অবশ্য বিরোধী ডেমোক্রেটিক
পার্টি বলছে, এই দুর্যোগের জন্য রাজনীতিবিদরা দায়ী। তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ
মোকাবেলায় যথেষ্ট কাজ করেননি।
নানা পরিস্থিতিতে বন্যা হলেও জলবায়ু পরিবর্তনজনিত উষ্ণতা বৃদ্ধির কারণে চরম বৃষ্টিপাতের আশঙ্কা এখন বেশি। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর উষ্ণতা বেড়েছে প্রায় ১ দশমিক ১ ডিগ্রি। সরকারগুলো কার্বন নির্গমন হ্রাস না করলে তাপমাত্রা আরো বাড়তে থাকবে।










