চীনের বাজারে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের দুগ্ধজাত
পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে নিউজিল্যান্ড। গতকাল ৩১ ডিসেম্বর গুঁড়ো দুধের ওপর দেয়া
সুরক্ষা শুল্কের মেয়াদ শেষ হয়েছে দেশটিতে। ২০০৮ সালে দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তির
কারণে ধাপে ধাপে সব ধরনের শুল্ক অপসারণ হয়েছে বলে আজ সোমবার (১ জানুয়ারি) জানিয়েছে
নিউজিল্যান্ড। খবর রয়টার্স।
উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডই
প্রথম যারা চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছিল। যেখানে গুঁড়ো দুধের
ওপর থেকে বিশেষ শুল্ক বাদ দেয়া ছিল দীর্ঘ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।
২০২২ সালে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
জেসিন্ডা আরডার্ন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় হালনাগাদ
বাণিজ্য চুক্তিতে প্রবেশ করে দেশ দুটি।
নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে
এক বিবৃতিতে বলেছেন, এটি আমাদের দুগ্ধ খাতের জন্য সুসংবাদ। গুঁড়ো দুধের ওপর থেকে অবশিষ্ট
শুল্ক অপসারণের ফলে বছরে আনুমানিক ২২ কোটি ১০ লাখ ডলার বাঁচবে।
অর্থনীতিতে সুবিধা দেয়া এ চুক্তিকে
নিউজিল্যান্ড-চীনের বাণিজ্য সম্পর্কের ভিত্তি বলে উল্লেখ করেন তিনি।
নিউজিল্যান্ডের বৃহত্তম ব্যবসায়িক
অংশীদার চীন। ২০২১ সালে দ্বিমুখী বাণিজ্যের অঙ্ক ছিল দুই হাজার ৩৪০ কোটি ডলার। চীনে
বার্ষিক দুগ্ধ পণ্য রফতানি হয়েছে গড়ে ১৪ লাখ টন, যার অর্ধেকই গুঁড়ো দুধ।
সাধারণত দেশীয় শিল্পকে আমদানি পণ্যের
সঙ্গে তীব্র প্রতিযোগিতা থেকে রক্ষা করতে সুরক্ষা শুল্ক দেয়া হয়। এতে হঠাৎ আমদানির
বৃদ্ধির মতো চাপ তৈরি হয় না।










