ইতালি ও ভ্যাটিকান সফর শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজনৈতিক নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর বিবিসি।

ই‌তালির রাজধানী রোমে অবতরণের পর গতকাল শনিবার (১৩ মে) এক টুইটে জানান, ‘ইউক্রেনের বিজয় ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ সফরে’ আছেন।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার সঙ্গে বৈঠকের পর ভ্যাটিকানের উদ্দেশ্যে রওয়ানা হবেন জেলেনস্কি।

পোপ ফ্রান্সিস প্রায়শই বলে আসছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের মধ্যস্থতা করতে প্রস্তুত ভ্যাটিকান। চলতি মাসের শুরুর দিকে শান্তি পরিকল্পনার ঘোষণাও দেয়া হয়। তখন পোপ বলেন, ‘মিশনটি এখনো প্রকাশ্য নয়। যখন এটা প্রকাশ্যে আসবে, তখন আমি এটা নিয়ে কথা বলব।’

মাঝে ইউক্রেন-ভ্যাটিকান সম্পর্কে অস্থিতিশীলতা দেখা যায়। গত আগস্টে পোপের সমালোচনা করেন ইউক্রেনের রাষ্ট্রদূত। এর পরিপ্রেক্ষিতে ওই কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল ভ্যাটিকান।

রাশিয়ার আক্রমণের পর এটাই জেলেনস্কি ও ফ্রান্সিসের প্রথম সাক্ষাৎ। এর আগে তাদের সর্বশেষ বৈঠক হয় ২০২০ সালে।

কিয়েভ ও অন্যান্য শহরে নতুন করে রুশ বিমান হামলার পর এ সফর শুরু হয়েছে।