গাজা উপত্যকায় হামাস-ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার কড়া সমালোচনাও করেন আরব বিশ্বের এ নেতা। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন কলে এসব কথা বলেন তিনি। খবর এসপিএ।

সৌদি যুবরাজ বলেন, গাজায় সামরিক অভিযানে প্রাণ হারাচ্ছে নির্দোষ মানুষ। সেখানে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে প্রতিদিন নিরপরাধ লোকজন প্রাণ হারাচ্ছে উল্লেখ করে তিনি এখনই সামরিক অভিযান বন্ধের সকল প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান মোহাম্মদ বিন সালমান।

এছাড়া গাজা থেকে অবরোধ তুলে নিতে এবং আন্তর্জাতিক আইন মেনে গাজায় ত্রাণ সাহায্য প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজার বেসামরিক লাখ লাখ বাসিন্দা। গত ১৫ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন পাঁচ হাজার ৭৯১ ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলের দেয়া তথ্যমতে দেশটির প্রায় এক হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছেন।