এসব আয়োজন ও বিনোদনভিত্তিক ব্র্যান্ডকে ঘিরে তৈরি করা পণ্যের চাহিদা বেড়েছে। ফলে চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) কোম্পানিটির বিক্রি বেড়েছে ২১ শতাংশের বেশি। একই সঙ্গে নতুন পণ্য বাজারে আনার ফলেও লেগোর ব্যবসা শক্তিশালী হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

লেগো গ্রুপ জানায়, ২০২৬ সালের জানুয়ারি-জুন পর্যন্ত কোম্পানির আয় হয়েছে ৪১ দশমিক ৯ বিলিয়ন ড্যানিশ ক্রোনার। এক বছর আগের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২১ শতাংশ। আমেরিকা, ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী প্রবৃদ্ধি এ আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। একই সময় ভোক্তাদের কাছে লেগোর পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে ২২ শতাংশ।

লেগোর মুনাফায়ও ছিল উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। প্রথম ছয় মাসে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ। মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮ দশমিক ৬ বিলিয়ন ড্যানিশ ক্রোনারে। এর মধ্যে নতুন পণ্য বাজারে আনার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। চলতি বছর এখন পর্যন্ত লেগো ৩৩০টি নতুন পণ্য বাজারে এনেছে।

নতুন পণ্যের তালিকায় রয়েছে প্রযুক্তিনির্ভর স্মার্ট প্লে কিট। এসব কিটের লেগো ব্লক থেকে শব্দ ও আলো বের হয়। প্রচলিত খেলনার সঙ্গে প্রযুক্তির ব্যবহার যুক্ত হওয়ায় শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক ক্রেতারাও আকৃষ্ট হচ্ছে।

প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, লেগোর ব্যবসা বাড়াতে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন আয়োজন ও ব্র্যান্ডের সঙ্গেও অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফুটবল বিশ্বকাপ ও কার রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ানকে ঘিরে তৈরি পণ্য ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র ‘কেপপ ডেমন হান্টার্স’ও লেগোর পণ্যের চাহিদা বাড়াতে ভূমিকা রেখেছে।

লেগো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নিলস বি ক্রিশ্চিয়ানসেন বলেন, ‘২০২৬ সালের শুরুটা কোম্পানির জন্য বেশ শক্তিশালী ছিল। বিশ্বজুড়ে লেগো ব্র্যান্ড নিয়ে ক্রেতাদের আগ্রহও দেখা গেছে। মূলত বিভিন্ন সংস্কৃতি ও জনপ্রিয় বিনোদনের সঙ্গে সম্পর্কিত পণ্য বিশ্বজুড়ে চাহিদা বাড়াতে সহায়তা করছে।’

চাহিদা বাড়ার পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদনেও বিনিয়োগ করছে লেগো। কোম্পানিটি জানায়, সব কারখানায় সৌরবিদ্যুতের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ডেনমার্কের বিলুন্ডে লেগোর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু হয়েছে জুনে। আগামী বছর এটি চালু হওয়ার কথা। বছরে প্রায় ৯৯ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে প্রকল্পটির।

এদিকে প্যাকেজিংয়েও পরিবর্তন আনছে কোম্পানিটি। প্লাস্টিকের বদলে কাগজের ব্যাগ ব্যবহারের দিকে মনোযোগ দিচ্ছে লেগো। আগামী বছর এ পরিবর্তন সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে।