সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী। এ প্রেক্ষাপটে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের দৈনিক ব্রিফিংয়ে ব্রিফিংয়ে এ কথা বলেছেন জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক। 

তিনি বলেন, আমরা শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার জন্য সব পক্ষকে আহ্বান জানাচ্ছি। ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরে যারা রাস্তায় বের হচ্ছে তাদের রক্ষা করার জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করছি। 

একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, জাতিসংঘ এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা তাদের গণতান্ত্রিক এবং মানবাধিকারের পূর্ণ সম্মানের জন্য আহ্বান জানাই। সহিংসতার সমস্ত ঘটনার একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন ফারহান হক।