ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে বক্তৃতার একটি অংশ ভুলভাবে সম্পাদনার অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিষয়টি নিয়ে এরই মধ্যে ক্ষমা চেয়েছে সংস্থাটি। তবে তারা ট্রাম্পকে এর জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। খবর বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ট্রাম্প। এ সময় তিনি বলেন, সম্ভবত আগামী সপ্তাহের যেকোনো সময় আমরা তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব। ক্ষতিপূরণের পরিমাণ ১ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে জানান তিনি।

তিনি বলেন, আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার বলা কথাগুলো বদলে দিয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের দেয়া একটি ভাষণ প্রচার করা হয়। এটির সম্পাদনায় সময় ভাষণের আলাদা আলাদা অংশ সেখানে জোড়া দেয়া হয়েছে এবং সেটি শুনে মনে হচ্ছে ট্রাম্প মানুষকে ক্যাপিটল হিলে আক্রমণ করতে প্ররোচিত করছেন।

অনিচ্ছাকৃত এ ভুলের জন্য এরই মধ্যে ক্ষমা চেয়েছে বিবিসি। তবে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, , সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন- প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে, প্রামাণ্যচিত্রটি আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করবেন।

এ ঘটনায় সম্প্রতি বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন।