দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে পুনরায় একত্রীকরণের প্রচেষ্টা
অব্যাহত রেখেছে চীন। এরই পরিপ্রেক্ষিতে এবার একসময়ের মিত্র জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেছে দেশটি। সম্প্রতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবকের
সঙ্গে এক বৈঠকে এমন আশা ব্যক্ত করেন চীনা শীর্ষ কূটনীতিক ওয়াং ই। খবর রয়টার্স।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জার্মান
পররাষ্ট্রমন্ত্রী চীন সফরকালে তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন ওয়াং ই। এ বৈঠকে ওয়াং
বলেন, ‘চীন বিশ্বাস ও প্রত্যাশা করে তাইওয়ানের সঙ্গে চীনের শান্তিপূর্ণ
একত্রীকরণ সমর্থন করবে জার্মানি।’ তিনি বেয়াবককে মনে করিয়ে দেন, একসময় জার্মানির একত্রীকরণের বিষয়ে সমর্থন করেছিল চীন।
চীনা কূটনীতিক বলেন, ‘তাইওয়ান প্রণালিতে
স্থিতিশীলতা বজায় রাখতে,
তাইওয়ানের স্বাধীনতাসংক্রান্ত বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমকে
কঠোরভাবে বিরোধিতা করা প্রয়োজন।’ ওয়াং মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী
আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই ভিন্নরূপ লাভ করছে। এখন চীনের সঙ্গে তাইওয়ানের ফিরে
আসা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
ওয়াং ইর সঙ্গে বৈঠকের আগে গত শুক্রবার বেয়ারবক বলেছিলেন, তাইওয়ান
নিয়ন্ত্রণে নেয়ার জন্য চীনের যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য হারাবে। এর পরিণতি
গুরুতর হয়ে উঠবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেলও একই
মন্তব্য করেছেন।
বেইজিংয়ের দাবি, গণতান্ত্রিকভাবে তাইওয়ান
চীনের একটি প্রদেশ। অন্যদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট তাই ইং-ওয়েনের
সরকার চীনের অবস্থানকে প্রত্যাখ্যান করেছে। তাইওয়ান সরকার বলছে, শুধু
তাইওয়ানের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।










