যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) এ বছরের শীর্ষ সম্মেলনে অতিথি সদস্য হিসেবে যোগ দেয়ার কথা ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আগামী ১১-১২ জুলাই অনুষ্ঠিত হবে সম্মেলনটি। তবে এ সম্মেলনে যোগ দেয়ার ক্ষেত্রে ইউক্রেনের জন্য ন্যাটোর সদস্যপদ নিশ্চিতের শর্তজুড়ে দিয়েছে ইউক্রেন। খবর রয়টার্স।

উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ শেষ হওয়ার পরই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার ব্যাপারটি বিবেচনা করা হবে, তার আগে নয়।’ একই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছেন, ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে অবশ্যই এ যুদ্ধে বিজয়ী হতে হবে।

ন্যাটো মহাসচিবের এমন মন্তব্যে হতাশা প্রকাশ করেন ইউক্রেন প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইগোর ঝোভকা। তিনি বলেন, ‘ইউক্রেনকে সদস্যপদ দেয়ার ক্ষেত্রে যদি ন্যাটোর নেতাদের ভয় থাকে, তবে ‘‌‘ভিলনিয়াস সামিট ২০২৩’’-এ ইউক্রেনের প্রেসিডেন্ট যাবেন না। কেননা সেক্ষেত্রে তার এ সফর সম্পূর্ণ অর্থহীন হবে।’

ইগোর ঝোভকা জানিয়েছেন, জোটের সদস্য হওয়ার ক্ষেত্রে দেয়া শর্ত যদি ন্যাটো তুলে নেয় ও জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদন বিবেচনা করে, তবেই আসন্ন সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ভিলনিয়াস শীর্ষ সম্মেলন নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, এ সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার প্রক্রিয়া শুরু হবে।’